বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তি অন্যতম হাতিয়ার

৫ মার্চ, ২০২০ ১৪:২৬  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের ‘রোল মডেল’। আমাদের এ উন্নয়ন অভিযাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তি অন্যতম হাতিয়ার। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং গবেষণা অনুদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শেখ হাসিনা বলেন, যেকোনো দেশের উন্নতির জন্য বিজ্ঞান ও গবেষণা একান্তভাবে অপরিহার্য। গবেষণা ছাড়া আসলে কোনো উন্নতি করা যায় না। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আমরা গঠন করেছি ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’। এই ট্রাস্টের আওতায় প্রতিবছর বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে এমএস, পিএইচডি ও পিএইচডি-উত্তর অধ্যয়ন/গবেষণার জন্য ফেলোশিপ দেওয়া হচ্ছে। এসময় তিনি জানান, ২০১০-১১ অর্থ-বছর থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট’ থেকে ৫১৯ জনকে ১৫৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা ফেলোশিপ দেওয়া হয়েছে।